চকরিয়া-পেকুয়া প্রতিবেদক: পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে মিশুক (অটোরিকশা) গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব গোঁয়াখালী উত্তর পাড়ায় মামা-ভাগিনার দোকান সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিকাল ৫ টার দিকে হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন নিহতের বড় ভাই পেকুয়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন।
নিহত নারীর নাম ছেনুয়ারা বেগম (৫০)। তিনি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্ব গোঁয়াখালী উত্তর পাড়ার বাসিন্দা এবং শুঁটকি মাছ ব্যবসায়ী রাহমত উল্লাহর স্ত্রী।
নিহতের বড় ভাই মোহাম্মদ হোসাইন জানান, দুপুরে ছেনুয়ারা বেগম বানৌজা সড়ক পারাপারের সময় মগনামা জেটিঘাট থেকে ছেড়ে আসা পেকুয়া বাজারগামী একটি মিশুক গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, মিশুক গাড়ির ধাক্কায় এক মহিলা নিহত হয়েছেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
