নিজস্ব প্রতিবেদক :
ভেতরে বসে সাউন্ডবক্সে গান শুনছিল হেলপার, এসময় হঠাৎ করেই পাকিং এ দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন জ্বলে উঠে। এতে কোন হতাহত না হলেও বাসটির বেশভাগ অংশই পুড়ে গেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দোয়েল এক্সপ্রেস নামে একটি পরিবহন প্রতিষ্ঠানের বাসে এমন আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন।
তিনি জানান, ‘ বাসের চালকের সাথে কথা বলেছি, হেলপার ভেতরে ছিলো সাউন্ডবক্সে গান শুনছিলো। এমন সময় আগুন লাগে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসটি বেশিভাগই পুড়ে গেছে।’
তিনি বলেন, ‘হয়তো কোন দূর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে, কেউ হতাহত হয়নি।’
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, ‘ আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, পরে জানা যাবে৷ ফায়ারসার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
