নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে মন্তব্য করায় কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইয়াহিয়াহ খান নামের এই ছাত্রলীগ নেতা পর পর দুইবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কটূক্তি করেছে।
শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম।
পুলিশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ওসমান শরীফ হাদির মৃত্যুর পর ইয়াহিয়াহ খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ইংরেজিতে ‘OUT’ লিখে একটি পোস্ট করেন। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও অন্যান্য বরেণ্য ব্যক্তিদের পাশে হাদিকে সমাহিত করা নিয়ে তিনি আপত্তি তোলেন। তার একটি পোস্টে তিনি হাদিকে ‘জঙ্গি’ হিসেবে অভিহিত করে লিখেন, বিশিষ্ট ব্যক্তিদের পাশে কোনো ‘জঙ্গি’র কবর হলে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্ষমা করবে না।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ইয়াহিয়াহ খান নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্টই নয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
