নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : চকরিয়ায় বাড়ীর পাশে মাটির গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রতিবেশী দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক ওরফে সোনা মিয়া।
মৃত উদ্ধার শিশুরা হল- একই এলাকার আব্দুল মাবুদের ছেলে মোহাম্মদ নোমান (৫) এবং বেলাল উদ্দিনের মেয়ে জন্নাতুল ফেরদৌস (৫)।
স্থানীয়দের বরাতে ইউপি সদস্য আজিজুল হক বলেন, কিছুদিন আগে শিশু মোহাম্মদ নোমানের বাড়ীর উঠানের এক পাশ থেকে কাজের জন্য গভীর গর্ত করে মাটি উত্তোলন করা হয়। এতে কয়েকদিনের মধ্যে নিচ থেকে উঠা পানি জমে গর্তটি ছোট কূপে পরিণত হয়।
বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদ নোমান ও জন্নাতুল ফেরদৌস সহ স্থানীয় আরও কয়েক শিশু মিলে খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে ওই দুই শিশু গর্তের পানিতে পড়ে যায়। এসময় ঘটনাটি দূর থেকে পান শিশু জন্নাতুল ফেরদৌসের মা। তিনি তাৎক্ষণিক দৌঁড়ে ঘটনাস্থলে পৌঁছে নিজের মেয়েসহ দুই শিশু উদ্ধার করেন। পরে স্বজনরা তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবরটি শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত দুই শিশুর লাশ নিজেদের বাড়ীতে রয়েছে।
