নিজস্ব প্রতিবেদক : কুতুবদিয়া উপকূলের সাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মরদেহ এবং আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে; ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে এক জেলে।
শুক্রবার ভোর আনুমানিক ৩ টার দিকে কুতুবদিয়া দ্বীপ উপকূলবর্তী সাগরে এ ঘটনা ঘটে বলে জানান, কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক।
মৃত উদ্ধাররা হলেন- কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী এলাকার জহির আলমের ছেলে ও ট্রলারের মাঝি মো. এহেছান (২৫) এবং আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়ার মৃত জালাল আহমদের ছেলে আব্দুল মোতালেব ওরফে লেড়াইয়া । ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী এলাকার মাহমুদুল করিমের ছেলে কিশোর জেলে মো. ফয়সাল (১২)।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মো. মাহবুবুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে কুতুবদিয়া উপকূলের গভীর সাগরে বড়ঘোপ ইউনিয়নের আমজাখালী এলাকার মো. কামালের মালিকানাধীন একটি ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরছিল। এক পর্যায়ে আকস্মিক ট্রলারটি ডুবে যায়। এসময় ৮ জেলেকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ ছিল।
ঘটনার পর থেকে স্থানীয় জেলে ও স্বজনরা ঘটনাস্থলের আশপাশের সাগর এলাকায় খুঁজাখুঁজি চালায়। এক পর্যায়ে ভোরে সাগরে ভাসমান অবস্থায় দুই জেলেকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে মো. ফয়সাল নামের এক কিশোর জেলে।
ট্রলারটির মালিক মো. কামাল সওদাগর জানান, তার মালিকানাধীন ট্রলারটি সাগরে নিয়মিত মাছ ধরতে যায়। ট্রলারটি কি কারণে ডুবে গেছে তা নিশ্চিত নন। নিখোঁজ কিশোর জেলেকে উদ্ধারের জন্য তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক জানান, ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধারের খবরটি অবহিত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছে এক জেলে কিশোর।
ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
