নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় এ ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি নুর আহমদ।
নিহত নুরুল আমিন (৩০) একই ইউনিয়নের জুম্মাপাড়ার মীর আহমদের ছেলে। তবে তার আদি বাড়ী ইউনিয়নটির চরপাড়ায়।
স্থানীয়রা জানিয়েছেন, উখিয়ার দক্ষিণ সোনাইছড়ি এলাকার জনৈক হেলাল উদ্দিন ও মো. সরওয়ার নামে দুই সহোদরের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে। শুক্রবার ভোরও চক্রটির লোকজন শ্রমিক দিয়ে পাহাড়ে মাটি কাটছিল। এক পর্যায়ে আকস্মিক মাটির বড় একটি অংশ ধসে যায়। এতে নুরুল আমিন নামের এক শ্রমিক মাটি চাপা পড়ে। এসময় সেখানে উপস্থিত অন্যরা শ্রমিকরা আতংকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর নুরুল আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
দুই বছরে আগেও একই এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপায় এক শ্রমিক নিহত হয়েছিল বলে জানান স্থানীয়রা।
এব্যাপারে উখিয়া থানার ওসি নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরবর্তী জায়গায় মৃত শ্রমিকের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে মাটির কাটার আলামত দেখা গেছে।
তারপরও ঘটনাটি পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নাকি অন্য কারণে ঘটেছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
নুর আহমদ জানান, অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
